Ads

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৮২ ফিলিস্তিনির
ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় রোববার (৬ জুলাই) আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে ৩৯ জনের। এর একদিন আগেই গতকাল শনিবার গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৭৮ জনের প্রাণহানি হয়েছিল। খবর আল-জাজিরার।

গাজায় অব্যাহতভাবে চলা হামলায় পুরো উপত্যকা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আরও আগেই। সেখানে এখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো উপত্যকায় নেমে আসছে মানবিক বিপর্যয়। এর মধ্যে ত্রাণকেন্দ্রগুলোতে খাবার নিতে গিয়ে ইসরায়েলি হামলার মুখে পড়ছেন সেখানকার বাসিন্দারা।


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (৫ জুলাই) এক পরিসংখ্যানে জানায়, উপত্যকায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে ৭৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ হাজার ৮৯১ জন।

ট্রাম্প প্রশাসন গত জুনের শেষ দিকে জিএইচএফকে ৩০ মিলিয়ন ডলার সরাসরি অনুদান দেওয়ার ঘোষণা দেয়। তবে অভিযোগ আছে, ইসরায়েলি বাহিনী জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশের স্থানে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে।


এ নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা থাকলেও মার্কিন প্রশাসনের দাবি, জিএইচএফ একমাত্র সংগঠন যারা গাজা উপত্যকায় খাদ্য ও ত্রাণ সরবরাহ করতে পেরেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক, গাজায় ইসলায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজার ৪১৮ জন নিহত ও এক লাখ ৩৬ হাজার ২৬১ জন আহত হয়েছেন।
দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চে গাজায় নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এদিকে, গাজায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধের ইতি টানতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৬০ দিনের যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাব উত্থাপন করেন। আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে, গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মধ্যস্থতাকারী দেশ কাতারে প্রতিনিধিদল পাঠানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।




Ads

কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইনেক কানাডার বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা অনুষ্ঠিত

কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইনেক কানাডার বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।


বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইনেক  কানাডার আয়োজনে বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয় Nature Center, 225 Chem. de la Plage, Cowansville, QC J2K 2J3-তে।

সংগঠনের সভাপতি মো: ইলিয়াস এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আল আমিন সিকদার  ও নওশাদ চৌধুরী মিটু এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন।

মেয়র ডা: শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন:
"বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পেলে রপ্তানি ও আমদানি কার্যক্রম আরও বেগবান করা সম্ভব। বিশেষ করে চট্টগ্রামের বন্দরনগরী এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মন্ট্রিয়ল ও আশপাশের শহর থেকে আগত প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রান্ড স্পনসর 
ইন্জি: এ হেলাল,গোল্ডেন স্পনসর নাদির হামিদ ও রিয়াজ হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু ইউনুস সুজন,আ স ম ইসমাইল,মো: আলী জিন্নাহ,মুক্তিযোদ্ধা মো:  ইয়াকুব,মো: দিদারুল আলম,
মো: দিদারুল মোস্তফা,আবসার উদ্দীন চৌধুরী,মো: শাহজাহান,মো: নুরুল আবসার,নূর মোহাম্মদ চৌধুরী, মোঃ নিজাম উদ্দীন চৌধুরী, মোঃ মোসালেম উদ্দিন বাবুল, সুশান্ত বড়ুয়া,কাইসুল হক,আরাফাত হোসেন,মোহাম্মদ জাবেদ,এম সহিদ,
জুয়েল দেবনাথ, মোঃ ইমতিয়াজ সাজু,মো: ইমতিয়াজ রাজু,কাজী সোয়েব,মোস্তফা কামান, ইকবাল করিম তুষান,মো: ইমরান উদ্দিন,মোহাম্মদ ইসমাইল প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে ছিলো
বাচ্চাদের হরেক রকম খেলাধুলা, র‌্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




Ads

বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় চীন

বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় চীন
ছবি সংগৃহীত।


চীন সবসময় বাংলাদেশের বিশ্বাসযোগ্য বন্ধু হতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।


বৃহস্পতিবার (১০ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেন ওয়াং ই। এসময় তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে বলেন, বাংলাদেশের বন্ধু হওয়ার পাশাপাশি বিশ্বাসযোগ্য প্রতিবেশী এবং সহযোগী হতে চান তারা।

এছাড়া চীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সমর্থন জানায় বলে জানান তিনি। এর সঙ্গে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ অন্বেষণে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।
ওয়াং ই চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর একজন সদস্য।
বৈঠকে তিনি বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে বলেন, এটি দুই দেশের পুরোনো ইতিহাস এবং ভবিষ্যত পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশকে আধুনিক এবং উন্নত করতে চীন কাজ করতে চায়।




Ads

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট
ছবি সংগৃহীত।

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটি নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আটকা পড়েছে। এতে দুই ঘণ্টা রানওয়ে বন্ধ ছিল।

শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি (বিজি-১৩৮) অবতরণের পর এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মদিনা থেকে হজ্জযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বিমান বাংলাদেমের ফ্লাইট ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে নিয়ে আসা হয়েছে। 

 

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এই ইস্যুতে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ফ্লাইটে ৩৭৮ জন হজযাত্রী ছিলেন।

এদিকে চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম এক বার্তায় জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৩৮ মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করার পরে রানওয়ের শেষ মাথা আটকে যায়। বাংলাদেশ বিমানের জিইসি টিম পুশ কার্ট দিয়ে সামনের চাকা টেনে ঠিক করে দিলে পরবর্তী সময়ে বিমান ইঞ্জিন স্টার্ট করে বে-তে চলে আসে। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দরে উড্ডয়ন ও অবতরণ পুনরায় চালু করা হলো।

আরএমএন/এসএম



দৈনিক সাম্পান

Latest News

ক্যাটাগরি